মনিরামপুরের একই পরিবারের চারজন নিখোঁজ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় যশোরের মনিরামপুর পৌরসভার মোহনপুর গ্রামের একই পরিবারের চার সদস্য নিখোঁজ রয়েছেন। তাঁরা হলেন নাহিদুর রহমান তুহিন (৪১) তাঁর স্ত্রী আফসানা মতিন তানজি (৩৬) এবং তাঁদের দুই শিশুকন্যা রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)। শনিবার (১৭ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। তবে নিহতদের মধ্যে নাহিদুর ও তাঁর পরিবারের সদস্যরা রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হয়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, মরদেহগুলো পুড়ে যাওয়ায় চেহারা দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হবে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার রাত ৯টার দিকে নাহিদুরের সঙ্গে স্বজনদের সর্বশেষ কথা হয়। ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত থাকার জন্য তাঁরা ওই রিসোর্টে কক্ষ বুকিং দিয়েছিলেন। শনিবার সকালে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তাঁর বড় ভাই জাহিদুর রহমান প্রিন্স যোগাযোগের চেষ্টা করেও তাঁদের কারও সন্ধান পাননি। পরিবারের এক সদস্য জানান, নাহিদুর ও তাঁর পরিবারের সদস্যদের ছবি এবং রিসোর্ট বুকিংয়ের নথি সংশ্লিষ্ট পুলিশ ও সিআইডি কর্মকর্তাদের দেওয়া হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের মর্গে থাকা অজ্ঞাতপরিচয় একটি মরদেহ নিয়ে তাঁদের উদ্বেগ রয়েছে। তবে মরদেহটি তাঁদের পরিবারের কারও কি না, তা নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন স্বজনেরা। নাহিদুরের গ্রামের বাড়ি মনিরামপুরের মোহনপুর গ্রামে। তিনি ঢাকার শ্যামলী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং গ্র্যান্ড পাওয়ার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরিবারের বক্তব্য অনুযায়ী, চারজন এখনো নিখোঁজ। তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের নিহত হিসেবে উল্লেখ করা যাচ্ছে না।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

প্রত্যাশিত সিরাজগঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধনা পেলেন দরিদ্র মেধাবী শিক্ষার্থী

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশিত সিরাজগঞ্জের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।