ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. রাব্বী (২৭) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে এই নৃশংসতার ঘটনা ঘটে। নিহত রাব্বী মাসকান্দা জেলা পরিষদ হাইস্কুল রোড এলাকার মোবারক হোসেন ভুট্টুর ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক কলেজে পড়ার পাশাপাশি সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটারের দোকান পরিচালনা করতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে রাব্বী পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। আত্মরক্ষার্থে রাব্বী দৌড়ে নিকটস্থ একটি দোকানে গিয়ে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। হামলাকারীরা সেখানে ঢুকে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চম্পট দেয়। পরবর্তীতে উপস্থিত জনতা তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে মাসকান্দা ও আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করে তাৎক্ষণিক তদন্ত শুরু করেছে। ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে নিহত রাব্বীর পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, এই পূর্বশত্রুতার জের ধরেই সাব্বির ও তাঁর ভাই এই হত্যাকাণ্ড চালিয়েছেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
ওসি আরও জানান, নিহতের ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করতে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের কাজ চলছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থার আওতায় আনতে অভিযান শুরু করেছে পুলিশ

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভুরুঙ্গামারীতে বিক্ষুব্ধ কৃষকের বিরুদ্ধে গুদাম ভেঙে ১৯০ বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়ার অভিযোগ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চাহিদামতো সার না পাওয়ায় বিক্ষুব্ধ কৃষকেরা একটি বিসিআইসি