মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন

মাগুরার শালিখা উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে মাসুদ গাজী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত মাসুদ গাজী ও অভিযুক্ত বড় ভাই সিদ্দিক গাজী (৫০) উভয়েই ওই গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই সিদ্দিকের লাঠির আঘাতে ঘটনাস্থলেই ছোট ভাই মাসুদ গাজীর মৃত্যু হয়।

​খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সেতু ও কাললী নামের দুই নারীকে আটক করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

​শেষ খবর পাওয়া পর্যন্ত, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন