
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিরপেক্ষ ভোটের মাধ্যমেই অনুষ্ঠিত হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেছেন, বিএনপি, জামায়াত কিংবা প্রশাসন-কেউ রাতের ভোটের মাধ্যমে নির্বাচন করে দেওয়ার সুযোগ নেই।
বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ২০২৭ সালের ৪ ফেব্রুয়ারি রাঙ্গাবালী উপজেলার ছয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, যারা নির্বাচন করতে চান, তারা এখন থেকেই ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করুন। বিএনপি করে দেবে, জামায়াত করে দেবে অথবা প্রশাসন আগের মতো রাতে নির্বাচন করে দেবে-এমন সুযোগ আর নেই। অতীতে নির্বাচনকে কেন্দ্র করে অনিয়মের কারণে প্রশাসনের অনেক কর্মকর্তা বিপদে পড়েছেন।
বিগত সময়ের অনৈতিক কর্মকাণ্ডের কারণে ১৬৭ জন পুলিশ কর্মকর্তা ও ৩৭ জন জেলা প্রশাসকের চাকরি চলে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, কর্মকর্তারা এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক। তারা নিজেদের চাকরির নিরাপত্তা চান। তাই কারও কথায় অনিয়ম করতে চান না। আগামী নির্বাচন ভালো ও নিরপেক্ষ হবে। এ জন্য প্রশাসনকে সহযোগিতা করতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে সংসদ সদস্য পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাদকের বিষয়ে জিরো টলারেন্স। সরকারি দলের কোনো নেতাও যদি মাদকের সঙ্গে জড়িত থাকেন, তাকেও আগে গ্রেপ্তার করতে হবে। কারণ, মাদক আগামী প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান।




