
পিরোজপুরের নেছারাবাদে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উদযাপিত হয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং নিরাপদ ও রপ্তানিযোগ্য প্রাণিজ পণ্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর। সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, উন্নত জাতের পশু-পাখি পালন এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনে মানসম্মত ও রপ্তানিমুখী উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন তাঁরা।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




