জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ এবং জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে রাঙ্গামাটিতে মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ঐক্যজোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
সকাল ১১টায় জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বনরূপা, কাঠালতলী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বনরূপা সিএনজি স্টেশনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পৌরসভা শাখার আমীর অ্যাডভোকেট মাইনুদ্দিন। সঞ্চালনা করেন পৌরসভা শাখার সেক্রেটারি জেনারেল মো. আবুল বাশার।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গামাটি জেলা আমীর মো. আব্দুল আলীম, জেলা সেক্রেটারি জেনারেল মো. মনসুরুল হক, নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি মো. রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক ইরফানুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শহীদুল ইসলাম খান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাঙ্গামাটি পৌরসভা শাখার সভাপতি মো. খালিদ ইকবাল জালাল এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি জেলা শাখার সাবেক সভাপতি শাহিদুল ইসলাম শাফি।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের এক ঐতিহাসিক অধ্যায়। তারা জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


