
”শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মাগুরার মহম্মদপুরসহ চার উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে মহম্মদপুর উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে প্রধান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব, মহম্মদপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এম শামীম আহমেদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুল, উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক ও সাবেক অধ্যক্ষ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড. রইস উদ্দিন এবং প্রেস ক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান পলাশ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “কন্যা শিশুরা দেশের মোট জনসংখ্যার এক উল্লেখযোগ্য অংশ এবং তারা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক যত্ন, পুষ্টি, শিক্ষা, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। শিক্ষা, খেলাধুলা ও পেশাগত জীবনে নারীরা প্রতিনিয়ত সাফল্য অর্জন করছে। কোনো কন্যা শিশু যেন তার স্বপ্নপূরণের পথ থেকে পিছিয়ে না পড়ে, সে জন্য পরিবার ও সমাজকে একযোগে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
একইভাবে মাগুরা সদর, শালিখা ও শ্রীপুর উপজেলাতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও অনুরূপ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।




