শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অসদাচরণ, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা। আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম মফিদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ, মেডিকেল অফিসার ডা. শরীফ মো. হাসানুজ্জামান সাব্বির, নার্সিং ইনচার্জ শারমিন আলম, মেডিকেল টেকনোলজিস্ট মো. মাহবুবুল আলম শাহীন ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, রেজাউল করিম ফাক্কু নামে স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বেশ কিছুদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নার্স, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অসদাচরণ করছেন। একই সঙ্গে তাঁদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি-ধমকি দিয়ে আসছেন। এতে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা রোগীদের সেবা দিতে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
বক্তারা আরও বলেন, শুক্রবার দুপুরে রেজাউল করিম ফাক্কুর নেতৃত্বে কয়েকজন সহযোগী চিকিৎসা নেওয়ার অজুহাতে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে হট্টগোল সৃষ্টি করেন। এ সময় তাঁরা চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেন।
এ ঘটনার প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় তাঁরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন