সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আসছে আইন সংশোধন

সন্তানের নামে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় সেই সম্পত্তির ভোগদখলের অধিকার বাবা-মায়ের কাছেই রাখার বিধান যুক্ত করে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্পত্তি হস্তান্তর আইনের ‘গিফট’ (উপহার) সংক্রান্ত বিধানে পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা বিষয়ে বেসরকারি সংস্থা ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, দেশে অধিকাংশ দেওয়ানি মামলা সম্পত্তির বণ্টন ও মালিকানা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হয়ে থাকে। বর্তমানে মুসলিম আইনে হেবা বা অন্যান্য উপায়ে সন্তানদের নামে সম্পত্তি হস্তান্তরের পর অনেক বাবা-মা নিজেদের সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পরবর্তী সময়ে সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।

তিনি জানান, এ সমস্যা সমাধানে ১৯৬৩ সালের পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি রায়ের আলোকে সম্পত্তি হস্তান্তর আইনে ‘ইউসুফ্রাক্ট রাইট’ বা জীবনস্বত্বের বিধান যুক্ত করার চিন্তাভাবনা করছে সরকার।

প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে বাবা-মা সন্তানদের নামে সম্পত্তি হস্তান্তর করলেও জীবদ্দশায় সেই সম্পত্তির ভোগদখলের অধিকার তাদের কাছেই থাকবে। একই সঙ্গে বাবা-মায়ের অনুমতি ছাড়া সন্তান ওই সম্পত্তি বিক্রি করতে পারবেন না। আবার বাবা-মাও সন্তানের সম্মতি ছাড়া সম্পত্তি বিক্রি করতে পারবেন না।

আইনমন্ত্রী আরও বলেন, জরুরি প্রয়োজন—যেমন চিকিৎসার জন্য সম্পত্তি বিক্রির প্রয়োজন হলে এবং সন্তান সম্মতি না দিলে জেলা জজের কাছে আবেদন করা যাবে। আবেদন বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলা জজকে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এ ধরনের বিধান কার্যকর হলে সম্পত্তি-সংক্রান্ত বিরোধ উল্লেখযোগ্যভাবে কমবে এবং অনেক দেওয়ানি মামলা আদালতে যাওয়ার আগেই সমাধানের সুযোগ তৈরি হবে। সরকার বাস্তবসম্মত আইন সংস্কারের মাধ্যমে নাগরিকদের স্বার্থ সুরক্ষায় কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ইতালির প্রলোভন দেখিয়ে ৩০ লক্ষ টাকা আত্মসাৎ, লিবিয়া মুরাদ মাফিয়া টর্চার সেলে নির্যাতন করে হত্যা

ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক যুবককে লিবিয়ায়