সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. এম. এনামুল হক আর নেই। রোববার (৩০ আগস্ট) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি), ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশ নেন।

জানাজা শেষে আইজিপি মো. আলী হোসেন ফকিরের পক্ষে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। মরহুমকে রাষ্ট্রীয়ভাবে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

ড. এম. এনামুল হক ১৯৯১ সালের ১৬ অক্টোবর থেকে ১৯৯২ সালের ৮ জুলাই পর্যন্ত বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর প্রিন্সিপালসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি দক্ষতা, সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৩৮ সালে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ড. এম. এনামুল হক। ১৯৫৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিয়েন্স থেকে লোকপ্রশাসনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিনি একাধিক ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

ড. এম. এনামুল হক আইন কমিশন বাংলাদেশের সদস্যসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থায়ও কাজ করেছেন। ১৯৮৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ইন্টারপোলের একমাত্র নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

একজন সুলেখক হিসেবেও ড. এম. এনামুল হকের খ্যাতি ছিল। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১৪টি। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন খ্যাতনামা পত্রিকা ও জার্নালে তিনি নিয়মিত কলাম লিখতেন।

ড. এম. এনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। এক শোকবার্তায় আইজিপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন