
কুড়িগ্রামের উলিপুরে কাঁচা সুপারি প্রক্রিয়াজাত ও সংরক্ষণের নামে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন হাট-বাজার ও আড়ত থেকে কাঁচা সুপারি সংগ্রহ করে দীর্ঘদিন উন্মুক্ত জলাশয় বা নর্দমার পানিতে ভিজিয়ে রাখা হয়। পরে সুপারি বাজারজাতের সময় দুর্গন্ধ দূর করা, রং চকচকে করা এবং দীর্ঘদিন ভালো রাখার উদ্দেশ্যে ‘হাইড্রোস’সহ বিভিন্ন রাসায়নিক মেশানো হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, উলিপুরের হাট-বাজার ও আড়ত থেকে প্রতি মৌসুমে বিপুল পরিমাণ কাঁচা সুপারি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বাজারে সরবরাহ করা হয়। অভিযোগ রয়েছে, এর একটি অংশ রাসায়নিক মিশিয়ে বাজারজাত করা হচ্ছে। এতে সুপারি ও পানসেবীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, উলিপুরের মিনা বাজার উত্তরাঞ্চলের অন্যতম বড় পাইকারি সুপারি বাজার। বিভিন্ন এলাকা থেকে কাঁচা সুপারি এনে সেখানে দীর্ঘদিন পানিতে ভিজিয়ে রাখা হয়। অনেক ক্ষেত্রে নিয়ম না মেনে উন্মুক্ত জলাশয়েও সুপারি সংরক্ষণ করা হচ্ছে। এতে জলাশয়ের পানি দূষিত হওয়ার পাশাপাশি মাছ চাষ ব্যাহত হচ্ছে। পচা সুপারির দুর্গন্ধে আশপাশের বাসিন্দা ও পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরে জমিনে ব্যবসায়ীদের কয়েকজন জানান, উত্তরাঞ্চলে শুকনা সুপারির তুলনায় পানিতে ভেজানো কাঁচা সুপারির চাহিদা বেশি। দামও তুলনামূলক কম হওয়ায় খুচরা ব্যবসায়ীরা এ ধরনের সুপারি কিনতে আগ্রহী। দীর্ঘদিন পানিতে রাখার কারণে সুপারিতে দুর্গন্ধ সৃষ্টি হলে তা দূর করতে কোনো কোনো ব্যবসায়ী রাসায়নিক ব্যবহার করেন বলে তারা জানান।
স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস পানিতে ভেজানোর পর সুপারি তুলে পানি দিয়ে ধুয়ে আবারও রাসায়নিক প্রয়োগ করে বাজারজাত করা হয়। এতে সুপারি দেখতে আকর্ষণীয় হয় এবং দ্রুত নষ্ট হওয়ার প্রবণতাও কমে যায় বলে অভিযোগ রয়েছে। পরে বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এসব সুপারি কিনে নিজ নিজ এলাকায় নিয়ে যান।
উলিপুর বাজারের কয়েকজন পান বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, অনেক পানসেবী কাঁচা সুপারি ও জর্দার সঙ্গে পান সেবন করেন। ফলে বাজারে চাহিদা থাকায় রাসায়নিক মিশ্রিত সুপারি বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন তারা। তবে এসব রাসায়নিকের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে অনেক বিক্রেতাই বিস্তারিত জানেন না বলে দাবি করেন।



