আজ শনিবার (২৮ মার্চ ২০২৬ খ্রি.) বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা-এ অনুষ্ঠিত হয়েছে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। এক বছরব্যাপী কঠোর ও নিবিড় প্রশিক্ষণ শেষে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের এই আনুষ্ঠানিক কুচকাওয়াজের মধ্য দিয়ে মৌলিক প্রশিক্ষণের সমাপ্তি ঘটে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি। অভিবাদন গ্রহণ শেষে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আলী হোসেন ফকির এবং জি এম আজিজুর রহমান।
উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এই ব্যাচের প্রশিক্ষণে মোট ৭২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। আজকের কুচকাওয়াজের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন।
অনুষ্ঠানে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার আহমেদ সাদমান সাকিব। প্রশিক্ষণে অসামান্য কৃতিত্বের জন্য বেস্ট প্রবেশনার ও বেস্ট একাডেমিক ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার অর্জন করেন মোঃ ফাহিম ফয়সাল। এছাড়াও বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড পান মোঃ আরাফাত হোসেন, বেস্ট হর্সম্যানশিপ অ্যাওয়ার্ড অর্জন করেন শাওন রেজা এবং বেস্ট শ্যুটার নির্বাচিত হন বাপী কুমার দাশ।
সমাপনী কুচকাওয়াজ শেষে নবীন সহকারী পুলিশ সুপারগণ দেশের বিভিন্ন জেলায় ছয় মাসের বাস্তবমুখী প্রশিক্ষণের জন্য পদায়িত হবেন।




