মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালিত: বর্ণাঢ্য শোভাযাত্রা ও মেলা শুরু

সাতক্ষীরায় অত্যন্ত উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার সকাল ৮টায় সাতক্ষীরা কালেক্টরেট পার্কে জাতীয় সংগীত এবং বর্ষবরণের চিরচেনা সুর ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। গান শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

​নববর্ষের এই উৎসবে উপস্থিত থেকে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক আফরোজা আখতার, পুলিশ সুপার আরেফিন জুয়েল ও সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। এছাড়া শোভাযাত্রায় আরও অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

​শোভাযাত্রা পরবর্তী সময়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এরপর সকাল ৯টায় একই স্থানে সাত দিনব্যাপী বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আখতার। মেলা প্রাঙ্গণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ঐতিহ্যবাহী লাঠিখেলা ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে সাতক্ষীরায় বাঙালি সংস্কৃতির চিরায়ত রূপ ও উৎসবের আমেজে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন জেলাবাসী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন