
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের মনসুরপুর গ্রামে মারাত্মক আঘাতের শিকার হয়ে ‘সুলতান’ নামের একটি ঘোড়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত ঘোড়াটির মালিক স্থানীয় বাসিন্দা জমির হোসাইন। ঘোড়ার মালিকপক্ষের দাবি, গত দুই দিন আগে কে বা কারা ঘোড়াটিকে মারাত্মকভাবে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঘোড়াটি দুই দিন ধরে কষ্ট পাওয়ার পর আজ মৃত্যুবরণ করে। ওই আঘাতের কারণেই ঘোড়াটির মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে দুঃখ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একটি নিরীহ প্রাণীকে কারা এবং কী কারণে এমনভাবে আঘাত করেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত ঘোড়াটিকে আঘাত করার ঘটনায় জড়িত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় প্রকৃত ঘটনা উদঘাটন এবং ঘোড়াটিকে আঘাতকারী ব্যক্তিকে শনাক্ত করতে সহযোগিতা চেয়েছেন ঘোড়াটির মালিক জমির হোসাইন। মালিকপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি নির্ভরযোগ্য ও নিশ্চিত প্রমাণসহ দেখিয়ে দিতে পারেন যে, কে বা কারা ঘোড়াটিকে মারাত্মকভাবে আঘাত করেছে, তাহলে তাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে। ঘোড়াটির মালিকপক্ষ আরও জানিয়েছে, ঘটনার বিষয়ে কারও কাছে কোনো তথ্য বা প্রমাণ থাকলে তা দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ঘোড়াটির মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিকে শনাক্ত করার দাবি জানানো হয়েছে। এদিকে, ‘সুলতান’ নামের ঘোড়াটির এমন মর্মান্তিক মৃত্যুতে মনসুরপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনাটির সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা জনসম্মুখে আনার আহ্বান জানিয়েছেন।





