দিনাজপুর পৌরসভাকে আরও জনবান্ধব, আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে পৌর এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন নাগরিকরা। একই সঙ্গে পৌরসভার সার্বিক উন্নয়নে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে জনগণের অংশীদারিত্বমূলক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনাজপুর পৌরসভার উদ্যোগে এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের নাগরিক অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, প্রায় ১৫৮ বছরের ঐতিহ্যবাহী দিনাজপুর পৌরসভা নানা সম্ভাবনায় সমৃদ্ধ হলেও দীর্ঘদিন ধরে কিছু মৌলিক সমস্যার কারণে নাগরিক দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা, চলমান রাস্তা সংস্কার কাজের ধীরগতি, যানজট, ইজিবাইকের অনিয়ন্ত্রিত চলাচল, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, শব্দদূষণ এবং ময়লা-আবর্জনা অপসারণে অনিয়মিততার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
নাগরিকরা দ্রুত রাস্তা সংস্কার কাজ সম্পন্ন, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ইজিবাইক নিয়ন্ত্রণে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পৌর এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের দাবি জানান। পাশাপাশি পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন নগরী গঠনে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সমাবেশে অংশগ্রহণকারী অনেকেই এ ধরনের উন্মুক্ত নাগরিক সংলাপকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, জনগণের মতামত ও প্রত্যাশা সরাসরি জানার এমন সুযোগ স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে সহায়ক হবে। প্রথমবারের মতো এমন আয়োজন করায় তারা পৌর কর্তৃপক্ষকে অভিনন্দন জানান এবং প্রতি বছর অন্তত একবার এ ধরনের নাগরিক সমাবেশ আয়োজনের পরামর্শ দেন। বক্তারা একটি “ক্লিন অ্যান্ড গ্রিন দিনাজপুর পৌরসভা” গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন দিনাজপুর পৌরসভার প্রশাসক ও উপ-পরিচালক (স্থানীয় সরকার) শেখ হাফিজুর রহমান।
তিনি বলেন, পৌরসভার উন্নয়নে নাগরিকদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সেবামুখী পৌরসভা গড়ে তুলতে প্রশাসন কাজ করে যাচ্ছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুর পৌরসভার উন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নাগরিকদের সমস্যা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাখি, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রফিকুল আলম, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. মুকশেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীক, দিনাজপুর শহর জামায়াতের আমির মো. সিরাজুস সালেহীন এবং এনসিপি জেলা কমিটির সভাপতি শামসুল মোক্তাদির।
নাগরিকদের পক্ষে বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে বক্তব্য দেন দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আফরোজা বেগম, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নেজাউল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, রায়হান আলী খান তাজ, একে এম মাসুদুর ইসলাম মাসুদ, রেহাতুল ইসলাম খোকা, কাজী আশরাফউজ্জামান বাবু, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ সোলায়মান মোল্লা, বিএনপি নেতা নাজমুল হক লিটন, দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সাবেক সভাপতি আখতার আজিজ, ভোক্তা অধিকারকর্মী আইনুল হক, সাংবাদিক শাহরিয়ার শহীদ মাহবুব হিরু, জিয়াউল করিম জুয়েল, মিজানুর রহমান সাজু, শিক্ষক মাসুদ মোস্তাফিজ, ক্যাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অটোরিকশা শ্রমিক প্রতিনিধি মুখলেসুর রহমান এবং আনিসুজ্জামান মিলনসহ অনেকে।
সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক এবং পৌর এলাকার সর্বস্তরের নাগরিক উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা দিনাজপুর পৌরসভার টেকসই উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।




