দাখিলে শতভাগ পাস ও ৪ জনের জিপিএ-৫: শালিখায় সাফল্যের শীর্ষে ইসলামীয়া আইডিয়াল একাডেমি

মাগুরার শালিখা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামীয়া আইডিয়াল একাডেমি ২০২৬ সালের দাখিল পরীক্ষায় শতভাগ পাস ও জিপিএ-৫ সহ জেলার অন্যতম সেরা ফলাফল অর্জন করেছে। একই সাথে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত অষ্টম ও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায়ও অভাবনীয় সাফল্য দেখিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।

​প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০২৬ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ইসলামীয়া আইডিয়াল একাডেমি থেকে মোট ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছে এবং ১৯ জনই সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। প্রতিষ্ঠানের এই ধারাবাহিক সাফল্য মাগুরা জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকায় এটিকে সুপ্রতিষ্ঠিত করেছে।

​দাখিল পরীক্ষার পাশাপাশি জুনিয়র ও প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষায়ও একচেটিয়া সাফল্য অর্জন করেছে একাডেমিটির শিক্ষার্থীরা। ২০২৬ সালের মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় শালিখা উপজেলায় মোট ৭টি বৃত্তির মধ্যে ৪টি ট্যালেন্টপুল সহ ৫টি বৃত্তিই লাভ করেছে ইসলামীয়া আইডিয়াল একাডেমির শিক্ষার্থীরা।

​এছাড়া পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় পুরো উপজেলায় বরাদ্দকৃত ৩০টি বৃত্তির মধ্যে একাডেমি থেকে ১১টি ট্যালেন্টপুল ও ১২টি সাধারণসহ মোট ২৩টি বৃত্তি অর্জিত হয়েছে।

​শিক্ষার্থীদের এই অসাধারণ অর্জনে আনন্দ ও সন্তোষ প্রকাশ করে ইসলামীয়া আইডিয়াল একাডেমির অধ্যক্ষ হাফেজ মাওলানা সাখাওয়াত হুসাইন বলেন, “আমাদের দক্ষ শিক্ষকবৃন্দের নিরলস মেধা ও শ্রম, পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার্থীদের একাগ্রতার ফলেই আজ এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আগামীতেও শিক্ষার গুণগত মান ধরে রেখে আমরা এর চেয়েও ভালো ফলাফল উপহার দিতে বদ্ধপরিকর। প্রতিষ্ঠানের সার্বিক অগ্রযাত্রায় আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন