
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬”। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই মেলা ঘিরে স্থানীয় সাধারণ মানুষ ও প্রকৃতিপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আজ উদ্বোধনী দিনে সকাল থেকেই মুখরিত হয়ে ওঠে মেলার প্রাঙ্গণ। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন কোটচাঁদপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) দিপা রানী সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাহী অফিসার দিপা রানী সরকার বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই আমাদের সবুজ প্রকৃতি গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. আজিজুর রহমান, উপজেলা যুবদলের মো. আরশাফুজ্জামান খান মুকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামরুজ্জামান সিদ্দিক এবং ঝিনাইদহ-৩ এর অ্যাম্বাসেডর মো. হৃদয় আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারার সমাহার ঘটেছে, যা দর্শনার্থী ও ক্রেতাদের নজর কেড়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই বৃক্ষমেলা ও অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহ আরও বহুগুণ বৃদ্ধি পাবে।পরিশেষে ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন ব্যক্তিবর্গদের গাছ বিতরণ করে অনুষ্ঠানটিসমাপনী বক্তব্য দিয়ে শেষ করেন কোটচাঁদপুর বোনবিভাগের ডেপুটি রেঞ্জার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস।





