
চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করার সময় বাংলাদেশে নিযুক্ত চীনা চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীন অ্যাম্বাসির কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।
সফরকালে মন্ত্রীর চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করার লক্ষ্যে বৈঠকের কথা রয়েছে। এসময় তিনি শিক্ষা বিষয়ক বিভিন্ন ফোরাম ও কনফারেন্সে অংশগ্রহণ করবেন। পাশাপাশি, চীনের বিভিন্ন টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউট পরিদর্শন করবেন।
সফরকালে চীনের সঙ্গে শিক্ষা সংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।


