
মাগুরার শ্রীপুরে এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগে ভুয়া সিআইডি পরিচয়ে সক্রিয় একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) গভীর রাতে উপজেলার নাকোল পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন—ঝিনাইদহের মোছা. আছমা খাতুন (৩১), হাসানুজ্জামান (২৮), ওসমান গনি (২৫), সালমান শাহ (২৫) ও সাকিব (২৩); কুড়িগ্রামের ছাব্বির হোসেন (২২) এবং মাগুরার আল-আমিন হোসেন (২২)। পুলিশ জানায়, চক্রটি একটি মাইক্রোবাসে করে শ্রাবনী নামে এক নারীকে অপহরণের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে নাকোল ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযানে গেলে অপহরণকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ নারীসহ চক্রের সাত সদস্যকে আটক করে। পরবর্তীতে তাদের কাছ থেকে সিআইডির লোগোসংবলিত ৪টি জ্যাকেট, ১টি খেলনা পিস্তল, ১টি মাইক্রোবাস ও ৮টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে মাগুরার পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন জানান, খবর পেয়েই অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসানের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ সুপার আরও জানান, তদন্তে এই অপহরণ চেষ্টার মূল পরিকল্পনাকারী হিসেবে ভুক্তভোগী শ্রাবনীর দ্বিতীয় স্বামী শিমুলের নাম উঠে এসেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




