
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় চিলাহাটি রেলওয়ে স্টেশন সংলগ্ন মাঠে গাউছিয়া কমিটি, চিলাহাটি শাখার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ (এমপি) বলেন, “আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে আমাদের চলতে হবে। তাঁর শিক্ষা ও আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণে বিএনপি সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে উপস্থিত জনগণের সামনে সরকারের বিভিন্ন উদ্যোগ ও অর্জনের বিষয়গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার সায়লা সাঈদ তন্বী, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ এবং ১ নম্বর ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সৈনিক মাকসুদুর রহমান বুলু। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




