
ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুর ইউনিয়নের সুতি দুর্গাপুর পূর্বপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা থেকে রত্না খাতুন (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রত্না খাতুন ওই এলাকার সালাউদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ঘরের ভেতর রত্না খাতুনের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়দের দাবি, রত্না খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তবে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় নিহতের লাশ পড়ে থাকতে দেখে। লাশের প্রাথমিক সুরতহালে কপালে গভীর কাটা দাগ ও রক্তাক্ত চিহ্ন পাওয়া গেছে, যা ঘটনাটিকে ঘিরে গভীর রহস্যের সৃষ্টি করেছে। আত্মহত্যার দাবি করা হলেও কপালে আঘাতের দাগ থাকায় এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
ঝিনাইদহ সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরিবারের সদস্য ও স্বামী সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে




