
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার অন্যতম ব্যস্ততম ‘কোটচাঁদপুর-সাফদারপুর’ সড়কের ২৬২০ মিটার কার্পেটিং ও পুনর্নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে দুই কোটি ৪০ লাখ টাকা। কিন্তু সরকারের এই বিপুল অঙ্কের বাজেট বাস্তবায়নে প্রাক্কলন (শিডিউল) ও নিয়মনীতির তোয়াক্কা না করে চলছে প্রকাশ্য পুকুরচুরি। অভিযোগ উঠেছে, ইটভাটার ফেলে দেওয়া ‘ভাটা কুড়ানো ডাস্ট’ এবং অত্যন্ত নিম্নমানের ৩ নম্বর ভাঙারি ইট দিয়ে তড়িঘড়ি করে শেষ করা হচ্ছে সড়কের কাজ।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তথ্যানুসন্ধানে গিয়ে দেখা যায় চাঞ্চল্যকর দৃশ্য। গণমাধ্যমকর্মীদের গাড়ি পৌঁছামাত্রই ঘটনা টের পেয়ে চতুর ঠিকাদার মোঃ শহিদুল ইসলাম দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।
সাইটে নিম্নমানের ইট ব্যবহারের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্য সহকারী মোঃ আসাদুজ্জামান। সাংবাদিকদের দেখে তিনিও নিজের মোটরসাইকেল ফেলে পলায়নের চেষ্টা চালান। পরবর্তীতে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের দায় এড়াতে সহকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস করেন।
এলজিইডি কর্মীর বিষ্ফোরক স্বীকারোক্তি
উপজেলা কার্য সহকারী আসাদুজ্জামান বলেন, “রাস্তার কাজে ভরপুর দুর্নীতি হচ্ছে, এটা সত্যি। কিন্তু এখানে আমার কী করার আছে? আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিনিয়ত জানাচ্ছি, কিন্তু তারা কাজ বন্ধের কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এই অনিয়মের পেছনে উপজেলা প্রকৌশলী কল্পনা রানী বিশ্বাসসহ অনেকেই জড়িত। তাকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলেই থলের বিড়াল বেরিয়ে আসবে।”
অন্যদিকে, তদারকির দায়িত্ব এড়িয়ে উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহিন রেজা ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। আপনাদের সঙ্গে দেখা করা বা কথা বলা সম্ভব নয়। যা জানার উপজেলা প্রকৌশলী কল্পনা রানী বিশ্বাসের কাছ থেকে জেনে নিন।”
মিটিং ও ঢাকা সফরের বাহানা: দায় এড়ানোর চেষ্টা প্রশাসনের
অভিযোগের তীর যার দিকে, সেই কোটচাঁদপুর উপজেলা প্রকৌশলী কল্পনা রানী বিশ্বাসের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি “মিটিংয়ে আছি, পরে কথা বলছি” বলে তড়িঘড়ি লাইন কেটে দেন। পরবর্তীতে তার দপ্তরে গিয়ে জানা যায়, তিনি প্রশিক্ষণ কর্মসূচিতে ঢাকায় অবস্থান করছেন।
একইভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামিম হোসাইনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনিও “বিষয়টি দেখছি” বলে সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর থেকে একাধিকবার চেষ্টা করলেও তিনি আর ফোন রিসিভ করেননি। পরদিন দপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, তিনিও ব্যক্তিগত বা দাপ্তরিক কাজে ঢাকায় রয়েছেন।
গুরুত্বপূর্ণ কাজের তদারকি ছেড়ে দায়িত্বশীল কর্মকর্তাদের এমন নীরবতা ও অনুপস্থিতিকে পরোক্ষভাবে দুর্নীতির প্রশ্রয় হিসেবেই দেখছেন সচেতন নাগরিকেরা।
সড়ক সংস্কারে চরম জালিয়াতির সংবাদ পেয়ে সেখানে তাৎক্ষণিক উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোটচাঁদপুর উপজেলা শাখার সাবেক সভাপতি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝিনাইদহ-৩ আসনের অ্যাম্বাসেডর মোঃ হৃদয় আহমেদ। তিনি সরেজমিনে কাজের ভয়াবহ চিত্র দেখে তাৎক্ষণিকভাবে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী দিয়ে চালানো কাজ বন্ধ করে দেন।
ক্ষোভ প্রকাশ করে হৃদয় আহমেদ বলেন, “সাফদারপুর রাস্তায় যে ধরনের ইট ব্যবহার করা হচ্ছে, তা দেখে মনে হয় অন্তত দুইশত বছরের পুরোনো ও পরিত্যক্ত ইট! জনগণের রক্ত-পানি করা করের টাকায় প্রকাশ্য এই হরিলুট কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনিয়ম বন্ধ না হওয়া পর্যন্ত কাজের এক ইঞ্চিও এগোতে দেওয়া হবে না।”
স্থানীয়দের অভিযোগ, সংবাদমাধ্যমে অনিয়মের চিত্র উঠে আসার পরও প্রভাব ও ক্ষমতার দাপট দেখিয়ে ঠিকাদার শহিদুল ইসলাম নিম্নমানের কাজ চালিয়ে যাওয়ার অপচেষ্টা করছেন। এতে নির্মিত সড়কের স্থায়িত্ব ও সাধারণ মানুষের যাতায়াত চরম ঝুঁকির মুখে পড়েছে।
এলাকাবাসী অবিলম্বে চলমান অনিয়ম রোধে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। দুর্নীতিবাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল, ঠিকাদারের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ এবং এলজিইডির সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে ঝিনাইদহ জেলা প্রশাসকের (ডিসি) আশু ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।





