
পটুয়াখালীর কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামের মানুষের দীর্ঘ পাঁচ বছরের দুর্ভোগের অবসান হয়েছে। মম্বিপাড়া খালের ওপর নির্মাণ করা হয়েছে ১৬০ ফুট দীর্ঘ ভাসমান সেতু। দীর্ঘদিন পর সেতুটি চালু হওয়ায় পৌরগোজা, চানুরগোজাসহ চারটি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতে ফিরেছে স্বস্তি। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পারাপারের ভোগান্তি থেকে রেহাই পেয়েছে পৌরগোজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে মম্বিপাড়া খালের ওপর থাকা লোহার সেতুটি ভেঙে যায়। এরপর দীর্ঘ সময়েও সেতুটি পুনর্নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েন আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা। খাল পারাপারে কখনো ভেলা, কখনো নৌকা এবং পরবর্তীতে বাঁশের সাঁকোই ছিল তাদের একমাত্র ভরসা।
দীর্ঘদিন ব্যবহারের ফলে বাঁশের সাঁকোটিও হয়ে পড়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বর্ষা ও প্রতিকূল আবহাওয়ায় সাঁকো পারাপার ছিল আতঙ্কের। সবচেয়ে বেশি সমস্যায় পড়তেন বিদ্যালয়গামী শিশু, নারী ও বয়স্করা।
স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াতের সময় শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হতে হতো। অনেক সময় সাঁকো থেকে শিক্ষার্থীদের খালে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। ফলে সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়েও দুশ্চিন্তায় থাকতে হতো অভিভাবকদের।
এমন পরিস্থিতিতে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসে ‘ডু সামথিং ফাউন্ডেশন’। সংগঠনটির উদ্যোগে মম্বিপাড়া খালের ওপর নির্মাণ করা হয় ১৬০ ফুট দীর্ঘ ভাসমান সেতু।
সেতুটি চালু হওয়ার পর বদলে গেছে এলাকার চিত্র। এখন চার গ্রামের কয়েক হাজার মানুষ সহজে খাল পার হতে পারছেন। পাশাপাশি পৌরগোজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকও তুলনামূলক নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারছেন।
পৌরগোজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুসফিকা জানায়, আগে বাঁশের সাঁকো দিয়ে খাল পার হতে ভয় লাগত। কয়েকজন সহপাঠী সাঁকো থেকে খালে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। নতুন ভাসমান সেতু হওয়ায় এখন আর সেই ভয় নেই। আনন্দের সঙ্গে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে তারা।
স্থানীয় বাসিন্দা পরশ মনি বলেন, দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর অবশেষে তাদের কষ্ট কমেছে। এই দীর্ঘ সময়ে এলাকার মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। মানুষের চলাচলের কষ্ট লাঘবে উদ্যোগ নেওয়ায় ডু সামথিং ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
ডু সামথিং ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় কো-অর্ডিনেটর মো. জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিনের ভোগান্তি দূর করার লক্ষ্যেই মম্বিপাড়া খালের ওপর ভাসমান সেতুটি নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে চারটি গ্রামের কয়েক হাজার মানুষ এবং বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ পাচ্ছেন। উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে তাদের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, চারটি গ্রামের মানুষের পাশাপাশি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চলাচলের কষ্ট লাঘবে ডু সামথিং ফাউন্ডেশনের ১৬০ ফুট দীর্ঘ ভাসমান সেতু নির্মাণ প্রশংসনীয় উদ্যোগ। সেতুটি সুন্দর ও কার্যকর হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে এমন উদ্যোগ নেওয়ায় তিনি ডু সামথিং ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
দীর্ঘ পাঁচ বছর ধরে ভাঙা সেতুর কারণে বিচ্ছিন্নতার কষ্ট বয়ে বেড়ানো মম্বিপাড়ার মানুষের কাছে নতুন ভাসমান সেতুটি যেন স্বস্তির নতুন দুয়ার খুলে দিয়েছে। বিশেষ করে শিশুদের নিরাপদ বিদ্যালয় যাতায়াত নিশ্চিত হওয়ায় খুশি অভিভাবকরাও।





