বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পুরুষদের বিপিএলে সাফল্যের ধারাবাহিকতায় এবার নারীদের জন্য আলাদা প্রিমিয়ার লিগ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী এপ্রিল মাসে দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ম্যাচগুলো। বগুড়া ও চট্টগ্রামে লিগ পর্বের ম্যাচ শেষে দুই ভেন্যুর চ্যাম্পিয়ন দল ফাইনালে মুখোমুখি হবে রাজধানী ঢাকার মিরপুরে।
সূত্র জানিয়েছে, আগামী ৪ এপ্রিল বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে নারী বিপিএলের উদ্বোধন হবে। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ৩টি দল।
ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত না হওয়ায় এখনো দলগুলোর নাম ঘোষণা করা হয়নি। তবে টুর্নামেন্টের প্রাথমিক সূচি প্রকাশ করেছে বিসিবি।
প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৪, ৫ ও ৬ এপ্রিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম তিনটি ম্যাচ, ৯, ১০ ও ১১ এপ্রিল চট্টগ্রামের এম এ আজিজ ষ্টেডিয়ামে তিনটি ম্যাচ এবং ১৪ এপ্রিল ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে ফাইনাল হবে। আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে ফাইনাল আয়োজন সম্ভব না হলে ১৫ এপ্রিল রিজার্ভ ডে রাখা হয়েছে।
শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, নারী বিপিএল উপলক্ষে মাঠ প্রস্তুতের কাজ জোরেশোরে চলছে। বিসিবির চাহিদা অনুযায়ী উইকেট তৈরিতে গ্রাউন্ডসম্যানরা নিরলসভাবে কাজ করছেন।
এছাড়া স্টেডিয়ামের কিছু অবকাঠামোগত উন্নয়নও শুরু হয়েছে। বিপিএল শুরুর আগেই মিডিয়া বক্স সংস্কার করা হবে এবং স্টেডিয়ামের বাইরের সড়ক মেরামতের কাজও শুরু হয়েছে।
জানা গেছে, নারী বিপিএলে দেশের শীর্ষ নারী ক্রিকেটারদের পাশাপাশি প্রতিটি দলে একাধিক বিদেশি তারকা ক্রিকেটার অংশ নেবেন। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
দর্শকদের জন্য টিকিটের ব্যবস্থা রাখা হলেও এখনো টিকিটের মূল্য ঘোষণা করেনি বিসিবি।
ইতিহাসের প্রথম নারী বিপিএল বগুড়ায় আয়োজনের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ থেকে বঞ্চিত বগুড়াবাসী নারী বিপিএলের পাশাপাশি দ্রুত আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবিও জানিয়েছেন।




