‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাট, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
চারঘাট
চারঘাটে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্যোগের সময় কীভাবে নিজেদের নিরাপদ রাখতে হবে এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হবে, সে বিষয়ে বাস্তব প্রশিক্ষণ ও প্রদর্শনী করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন এবং উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরিফুল ইসলাম। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পুঠিয়া
একই দিনে রাজশাহীর পুঠিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। এ উপলক্ষে বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে ফায়ার সার্ভিসের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মকলেছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবা আক্তার এবং ফায়ার সার্ভিস কর্মকর্তা সরোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
দুর্গাপুর
রাজশাহীর দুর্গাপুরেও দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় সকালেই উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে ফায়ার সার্ভিসের বাস্তব মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনগণের সচেতনতা ও আগাম প্রস্তুতিই সবচেয়ে কার্যকর। প্রশাসনের একার পক্ষে দুর্যোগ মোকাবিলা করা সম্ভব নয়, এজন্য স্থানীয় জনগণের অংশগ্রহণ, সমন্বিত উদ্যোগ ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, প্রতিটি পরিবারকে ছোট পরিসরে হলেও দুর্যোগ প্রস্তুতির মহড়া করা উচিত। ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নিতে পারলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান ও সাব-রেজিস্ট্রার নাজমুল হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া তিন উপজেলাতেই কর্মসূচিতে সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, দুর্যোগকালীন প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার কৌশল সম্পর্কে বাস্তব ধারণা দেওয়াই এসব কর্মসূচির মূল লক্ষ্য।



