
ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকায় এক মুদি দোকানদারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও বারবার জীবননাশের হুমকির অভিযোগে সুমন দাস ওরফে কিনা দাস নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
রোববার (৪ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে চাঁদার টাকা নিতে এলে ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করেন।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর-বেদেরগাড়ী এলাকার বিষে দাসের ছেলে সুমন দাস ওরফে কিনা দাস। ভুক্তভোগী মুদি দোকানদার শ্রী বিপ্লব দাস (পিতা: আনন্দ দাস, সাং- তালিনা, পো:- জালালপুর, কোটচাঁদপুর) জানান, কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন ‘খান আবাসিক হোটেল’-এর সামনে অবস্থিত তার মুদি দোকানে সুমন বেশ কিছুদিন ধরে সরাসরি ও মোবাইল ফোনের মাধ্যমে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে আরও জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ১:৩০ ঘটিকায় ০১৫৭৫৮৩১৯৪৬ নম্বর থেকে বিপ্লব দাসের ০১৩০৪৫৮০৬৯৮ নম্বরে কল দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং না দিলে মেরে ফেলার হুমকি দেন। পরিচয় জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই দিন রাত ১২:০০ ঘটিকায় ওই ব্যবসায়ী কাকা শ্রী সঞ্জয় কুমার কল রিসিভ করলে তাকেও হত্যার হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর ও ২৮ সেপ্টেম্বর দুপুর ১২:৪৮ ঘটিকায় একাধিকবার কল দিয়ে চাঁদা দাবি এবং বাড়ি থেকে বের হলে ও ভাতিজাসহ তাকে হত্যার হুমকি অব্যাহত রাখা হয়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় উক্ত নম্বরটি সুমন দাস ব্যবহার করছেন।
এ ঘটনায় সুরক্ষার জন্য ভুক্তভোগী বিপ্লব দাস গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোটচাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
আজ সকালে অভিযুক্ত সুমন দাস আবারও সরাসরি দোকানে এসে চাঁদার টাকা দাবি করলে ভুক্তভোগী ও আশপাশের ব্যবসায়ীরা তাকে ঘেরাও করে হাতেনাতে আটক করে রাখেন। পরে ঘটনাটি তাৎক্ষণিকভাবে কোটচাঁদপুর থানা পুলিশকে অবহিত করা হয়।
সংবাদ লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছানোর প্রক্রিয়ায় ছিলেন।
কোটচাঁদপুর থানা সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ ও ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





