
ঝিনাইদহে অত্যন্ত আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পূজা উদযাপন কমিটির সার্বিক তত্ত্বাবধানে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোঃ রাশেদ খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রতিটি ধর্মের উৎসব যেন সুন্দর, নিরাপদ ও আনন্দময় পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সরকার ও প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”
জেলা প্রশাসক (ডিসি) মোঃ নোমান হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদ এবং ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মিয়া মোহম্মদ আশিস বিন হাছান।
পুলিশ সুপার মিয়া মোহম্মদ আশিস বিন হাছান তাঁর বক্তব্যে জানান, পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কঠোর নজরদারি থাকবে।
এছাড়া সভায় ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও), স্থানীয় জেলা বিএনপির নেতৃবৃন্দ,
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন ফ্রন্ট এবং পূজা উদযাপন পরিষদের শীর্ষ নেতৃস্থানীয় সদস্য ও হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও প্রদেয় মতামতের ভিত্তিতে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা, স্বেচ্ছাসেবক টিম গঠন ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।





