
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিডিএম) যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
আজ ১৩ অক্টোবর সকাল ১১.০০ ঘটিকায় উপজেলার পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সরকার মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আব্দুল আলীম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার সামছুল হক এবং বিশিষ্ট লেখক ও কলামিস্ট এস এম মিজানুর রহমান মামুন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন বলেন, “যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আমাদের পূর্বপ্রস্তুতি ও সচেতনতা অত্যন্ত জরুরি। বিশেষ করে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বাস্তব জ্ঞান থাকা প্রয়োজন।”
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি সচেতনতামূলক বাস্তব মহড়া প্রদর্শন করে। কীভাবে আগুন নির্বাপণ করতে হয় এবং ভূমিকম্পের সময় কীভাবে নিরাপদ আশ্রয় নিতে হয়, তা মহড়ার মাধ্যমে প্র্যাক্টিক্যালি দেখানো হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফায়ার সার্ভিসের কর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



