শিক্ষার্থীদের রাতে পড়ার অভ্যাস গড়তে কঠোর নির্দেশ দিলেন মাউশি

রাতে পড়ার অভ্যাস গড়ে তোলা, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ইভটিজিং ও ‘র‍্যাগ ডে’ ঘিরে বিশৃঙ্খলা বন্ধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সচেতনতামূলক কর্মসূচি জোরদার করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এসব উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় আগামী ২৬ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে প্রকাশিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে মাউশির আওতাধীন আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গৃহীত কার্যক্রমের তথ্য নির্ধারিত ছক অনুযায়ী একত্র করে দ্রুত পাঠানোর তাগিদ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, গত ২৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় আইনশৃঙ্খলা-সংক্রান্ত কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধ এবং ‘র‍্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করার বিষয়েও সচেতনতা বাড়ানোর নির্দেশনা রয়েছে।

এসব সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কী ধরনের উদ্যোগ নিয়েছে, তা জানতে চেয়েছে মাউশি। প্রতিবেদনে মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শন, প্রচারসামগ্রী বিতরণ, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন, সভা-সেমিনার ও সচেতনতামূলক প্রচার এবং রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে নেওয়া কার্যক্রমের তথ্য অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট অঞ্চলের জেলা ও উপজেলাভিত্তিক তথ্য একত্র করে বাস্তবায়নের অগ্রগতি নির্ধারিত ছকে উপস্থাপন করতে হবে। প্রতিবেদন পাঠানোর শেষ সময় ২৬ অক্টোবর। এজন্য director.mew@gmail.com ঠিকানায় ই-মেইল করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন