নদীর বালি নদীতে’ নাব্যতা সংকটে খুঁড়িয়ে খুড়িয়ে চলছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ড্রেজিংয়ে লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৮ লাখ ঘনমিটার

পলি ও বালি জমে নাব্যতা সংকটে খুঁড়িয়ে চলছে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে দৌলতদিয়া প্রান্তে তিনটি ড্রেজার দিয়ে চলছে খননকাজ। তবে ড্রেজিংয়ের মাধ্যমে উত্তোলন করা বালি নদীর মধ্যেই ফেলা হচ্ছে। এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও ঘাটসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, নদীর বালি নদীতে না ফেলে পাশের এলাকায় রাখা হলে একদিকে যেমন ড্রেজিংয়ের ব্যয় কমানো সম্ভব, অন্যদিকে বালি বিক্রি করেও বাড়তি আয় করা যেত।
এদিকে নাব্যতা সংকটের কারণে দৌলতদিয়া প্রান্তের ৬ ও ৭ নম্বর ফেরিঘাট এক মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। ড্রেজিংয়ের লক্ষ্যমাত্রাও বাড়িয়ে ৫ লাখ ১১ হাজার ঘনমিটার থেকে ৮ লাখ ঘনমিটার করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সংস্থাটির ড্রেজিং বিভাগের আশা, আগামী ৭-৮ দিনের মধ্যে ৭ নম্বর ফেরিঘাট সচল করা সম্ভব হবে।
খোঁজ নিয়ে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পলি ও বালি জমে নাব্যতা কমে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তের ৩, ৪ ও ৫ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে ৫ নম্বর ঘাটে রোরো (বড়) ফেরি ভেড়ানো হচ্ছে না। এতে সীমিত ঘাট দিয়ে যানবাহন পারাপার করতে গিয়ে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিএর ড্রেজার বিভাগের সূত্রে জানা যায়, ২৮ অক্টোবরের হাইড্রোগ্রাফিক চার্ট অনুযায়ী, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ড্রেজিংয়ের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ১১ হাজার ঘনমিটার। পরবর্তী সময়ে তা বাড়িয়ে ৮ লাখ ঘনমিটার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অন্যদিকে, দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এক মাসের বেশি সময় ধরে ড্রেজিং চলছে। সেখানে তিনটি ড্রেজার দিয়ে খননকাজ পরিচালনা করা হচ্ছে। তবে একটি ড্রেজারের উত্তোলন করা বালি নদীর মধ্যেই ফেলা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
দৌলতদিয়া ঘাটের পাশের এলাকার বাসিন্দারা জানান, নদী খনন করে উত্তোলন করা বালি নদীর মাঝখানে না ফেলে পাশের কোনো উপযুক্ত স্থানে রাখা যেত। এতে ড্রেজিংয়ের ব্যয় কমানোর পাশাপাশি বালি বিক্রি করে বাড়তি আয় করা সম্ভব হতো।
৭ নম্বর ফেরিঘাট এলাকায় বসবাসকারী শাহীন খান বলেন, এক মাসের বেশি সময় ধরে ৬ ও ৭ নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে। এর মধ্যে ড্রেজারের উত্তোলন করা বালি নদীতেই ফেলা হচ্ছে। এতে ব্যয় বাড়ছে। বালি পাশের এলাকায় রাখা হলে ব্যয় কমত, পাশাপাশি সেই বালি বিক্রি করেও আয় করা সম্ভব হতো।
নাম প্রকাশ না করার শর্তে ঘাটসংশ্লিষ্ট একাধিক ব্যক্তি অভিযোগ করেন, অসৎ উদ্দেশ্যে ড্রেজিং করা বালি নদীর মাঝখানে ফেলা হচ্ছে।
তবে তাঁদের এ অভিযোগের বিষয়ে বিআইডব্লিউটিএর আরিচা অঞ্চলের ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী হাছান আহমেদ বলেন, নদীর মাঝখানে নয়, নিমজ্জিত চরসহ দৃশ্যমান চরে ড্রেজিংকৃত মাটি ও বালি প্রতিস্থাপন করা হচ্ছে। এতে নাব্যতা কিংবা ফেরি চলাচলে কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই। তিনি আরও বলেন, আগামী ৭-৮ দিনের মধ্যে ৭ নম্বর ফেরিঘাট সচল করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চুয়াডাঙ্গায় প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ দুম্বা, দেশি হাঁস-মুরগি ও পরিবেশবান্ধব খামার চক্র

রপ্তানীমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে

দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই, প্রয়োজন হলে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বললেন, দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই। তিনি