কুয়াকাটায় টানা তিন দিনের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়

কুয়াকাটা সাপ্তাহিক ছুটির সঙ্গে শ্যামাপূজার সরকারি ছুটি যুক্ত হয়ে টানা তিন দিনের অবকাশে রূপ নিয়েছে। এই ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ‘সাগরকন্যা’ কুয়াকাটা। সাগরের উত্তাল ঢেউ ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধেয়ে আসছেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের বাড়তি উপস্থিতিতে সৈকতজুড়ে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।

কুয়াকাটায় পর্যটকদের আগমন বাড়তে শুরু করে। শনিবার সকালে সৈকতের জিরো পয়েন্টসহ আশপাশের এলাকাগুলোতে দেখা যায় পর্যটকদের সরব উপস্থিতি। কেউ সমুদ্রের ঢেউয়ে নিজেকে ভাসিয়ে আনন্দে মেতেছেন, কেউবা মেতেছেন ছোট-বড় ঢেউয়ের সঙ্গে খুনসুটিতে। আবার কাউকে বালুচরে খেলায় মেতে থাকতে কিংবা সৈকতের বেঞ্চে বসে প্রকৃতির রূপ উপভোগ করতে দেখা গেছে।

কেবল জিরো পয়েন্টেই নয়, প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সৈকতের লেম্বুরবন, চর গঙ্গামতিসহ বিভিন্ন আকর্ষণীয় পর্যটন স্পটেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে ছুটির আনন্দ ভাগাভাগি করতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন নানা বয়সী মানুষ।

পর্যটকদের এই জোয়ারে প্রাণ ফিরে পেয়েছে কুয়াকাটার সার্বিক পর্যটন ব্যবসা। হোটেল-মোটেল, রেস্তোরাঁ, ক্ষুদ্র ও হস্তশিল্প দোকান এবং ফটোগ্রাফারদের ব্যস্ততা বেড়েছে বহুগুণ। প্রায় শতভাগ কক্ষ বুকিং থাকায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যে দেখা দিয়েছে চাঙ্গা ভাব। দীর্ঘদিনের মন্দা কাটিয়ে পর্যটকদের এমন উপস্থিতিতে মুখে হাসি ফুটেছে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের।

কুয়াকাটার স্থানীয় ঝিনুক ব্যবসায়ী মো. ইয়াসিন বলেন, ‘‘তিন দিনের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় জমেছে। আমাদের বেচাকেনাও আগের চেয়ে অনেক বেড়েছে।’’

হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ বলেন, ‘‘টানা তিন দিনের ছুটিতে বিপুলসংখ্যক পর্যটক কুয়াকাটায় এসেছেন। সারা বছর যদি পর্যটকদের এমন ধারাবাহিক আগমন বজায় থাকে, তবে পর্যটন ব্যবসায়ীরা লাভবান হবেন এবং কুয়াকাটার অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।’’

পর্যটকদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশও সার্বক্ষণিক দায়িত্বে রয়েছে।

কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক বলেন, ‘‘কুয়াকাটায় আসা পর্যটকরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ভ্রমণ উপভোগ করতে পারেন, সে জন্য পৌর প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছে।’’

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিষিদ্ধ আ.লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে দিনাজপুরে মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিষিদ্ধ ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে