
যশোরের মনিরামপুর উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকায় নদীর পানিতে বস্তাবন্দি অবস্থায় রঞ্জন মণ্ডল (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কালিচরণপুর গ্রামের মৃত হরিপদ মণ্ডলের ছেলে। পেশায় তিনি ঘের ব্যবসায়ী ছিলেন। শনিবার (৭ নভেম্বর) স্থানীয় কয়েকজন ব্যক্তি মাছ ধরতে যাওয়ার সময় রমেশের মাছ ধরার পাটার কাছে নদীর পানিতে একটি বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, মনিরামপুর থানা পুলিশ এবং নেহালপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারের সময় মরদেহটির পরনে ছিল কালো প্যান্ট ও হলুদ শার্ট। শার্টের নিচে সাদা স্যান্ডো গেঞ্জি, চোখে পাওয়ারের চশমা, ডান হাতে তামার আংটি এবং পায়ে চকলেট রঙের স্যান্ডেল ছিল। শার্টের পকেটে একটি কলম ও ডায়েরিও পাওয়া যায়। মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তবে কীভাবে এবং কী কারণে রঞ্জন মণ্ডলের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





