মাতামুহুরীর বালুচরে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা, কোটি টাকার ফলনের আশা

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর বিস্তীর্ণ বালুচরে শীতকালীন শাক-সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকেরা। নদীর পাড় ঘেঁষে শত শত একর জায়গাজুড়ে এখন চলছে শীতকালীন বিভিন্ন জাতের সবজির বীজ রোপণ ও চারা পরিচর্যার কাজ।
কৃষকেরা জানান, মাতামুহুরী নদীর অববাহিকায় জমি হওয়ায় চাষাবাদে পানির কোনো অভাব নেই। পর্যাপ্ত সেচ, সুষম সার ও নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা গেলে এবার ব্যাপক লাভবান হওয়া সম্ভব। তবে চরের উর্বর জমিতে চাষাবাদের ক্ষেত্রে অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে অবৈধ বালু খেকোদের আগ্রাসন। কৃষকদের দাবি, ফসলি জমি ও নদীর পাড় রক্ষায় এই বালু খেকোদের ছোবল থেকে বালুচরকে রক্ষা করা জরুরি।
চকরিয়া পৌরসভার বাসিন্দা আনোয়ার হোসেন নামের এক উদ্যমী কৃষক জানান, “নদীর পাড়ে আবহাওয়া ও পরিবেশ সবজি চাষের জন্য খুবই অনুকূল। সবকিছু ঠিকঠাক থাকলে এবং বালু খেকোদের উপদ্রব বন্ধ করা গেলে চলতি মৌসুমে এই চর থেকে কোটি টাকার সবজি উৎপাদন ও বিক্রি করা সম্ভব।” তিনি আরও জানান, এখানকার উৎপাদিত বিষমুক্ত ও তাজা শাক-সবজি চকরিয়ার স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তরে সরবরাহ করা হবে।
চকরিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মাতামুহুরীর চরে শীতকালীন সবজি ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।
এই বিষয়ে চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ ফেরদৌসী জানান, “মাতামুহুরী নদীর অববাহিকা চকরিয়ার সবজি উৎপাদনের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। কৃষকেরা যাতে সঠিক সময়ে মানসম্মত বীজ রোপণ ও আধুনিক উপায়ে পরিচর্যা করতে পারেন, সেজন্য আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন। বালু উত্তোলন বা যেকোনো প্রাকৃতিক প্রতিবন্ধকতা মোকাবিলা করে কৃষকেরা যেন তাদের কাঙ্ক্ষিত ফলন ঘরে তুলতে পারেন, সে ব্যাপারে প্রশাসন ও কৃষি বিভাগ সচেষ্ট রয়েছে। আশা করছি চলতি মৌসুমে চকরিয়ায় শীতকালীন সবজির বাম্পার ফলন হবে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন