
নীলফামারী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, চাঁদাবাজি, কিশোর অপরাধ, সন্ত্রাসবিরোধী কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, জনবান্ধব পুলিশিং এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা নিয়ে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করে। নীলফামারী জেলা পুলিশ সবসময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে আগ্রহী। অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশি সেবার মান উন্নয়নে তাঁদের মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য গুরুত্বসহকারে শোনেন এবং পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনস্বার্থে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ পিপিএম-সেবা, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রেসক্লাব নীলফামারীর সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, সভাপতি হাসান রাব্বি প্রধান এবং সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুনসহ জেলার বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





