
“মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক সচেতনতাই মুখ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের প্রাণবন্ত এক বিতর্ক প্রতিযোগিতা।
যুক্তি, পাল্টা যুক্তি আর বুদ্ধিদীপ্ত উপস্থাপনায় শিক্ষার্থীরা মাদকের ভয়াবহতা এবং তা প্রতিরোধে সমাজের সর্বস্তরের সম্মিলিত সচেতনতার ওপর জোর দেয়। প্রতিযোগিতায় অষ্টম শ্রেণিকে পরাজিত করে বিজয়ী হয়েছে নবম শ্রেণির শিক্ষার্থীরা।
অন্যদিকে, অসাধারণ যুক্তি ও সাবলীল উপস্থাপনার জন্য শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আনিকা তাহসিন।
বুধবার (১১ নভেম্বর) কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের কোহিনুর অডিটোরিয়াম কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনা ও মডারেটরের দায়িত্বে প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোছাঃ ফরহানা খাতুন, মোছাঃ রোজলীন আক্তার বানু ও নাসরিন আক্তার।
প্রতিযোগিতায় পক্ষ দলে নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে অংশ নেয় নিশাত সারিকা, তাসনুভা ইসলাম সারাহ ও উম্মে হাবিবা (দলনেতা)। অন্যদিকে বিপক্ষ দলে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে অংশ নেয় আফরা ছিদ্দিক (দলনেতা), আনিকা তাহসিন ও মারিয়াম তাবাচ্ছুম।
বিতার্কিকরা নিজেদের বক্তব্যে মাদকের কুফল, তরুণ প্রজন্মের ওপর এর নেতিবাচক প্রভাব, পারিবারিক মূল্যবোধের অবক্ষয় এবং সামাজিক প্রতিরোধের প্রয়োজনীয়তা দারুণভাবে তুলে ধরেন।
বিচারকদের মূল্যায়নে নবম শ্রেণির পক্ষ দল বিজয়ী এবং অষ্টম শ্রেণির বিপক্ষ দল রানার্সআপ হয়। তবে প্রতিযোগিতায় সবার নজর কাড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আনিকা তাহসিনের সাবলীল উপস্থাপনা ও তাৎক্ষণিক যুক্তি খণ্ডন, যা তাকে শ্রেষ্ঠ বক্তার সম্মান এনে দেয়।
অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের সভাপতি, সাবেক পৌর মেয়র ও গণমানুষের নেতা এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল বিজয়ী ও বিজিত উভয় দলের শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং এমন সৃজনশীল কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাক আলী, সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবির বিপুল, শিক্ষক প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম রফিক মন্ডল এবং ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর মোঃ খাইরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।
শিক্ষক-শিক্ষার্থীদের মুহুর্মুহু করতালি ও উৎসাহে পুরো অডিটোরিয়াম মুখরিত হয়ে ওঠে।
সংশ্লিষ্টদের মতে, বিতর্ক চর্চা শিক্ষার্থীদের শুধু বক্তৃতার দক্ষতাই বাড়ায় না, বরং যুক্তিবোধ, আত্মবিশ্বাস এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদকমুক্ত দেশ গড়তে আজকের শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।





