
ঝিনাইদহের কোটচাঁদপুরে মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর পালপাড়া এলাকার রমেন্দ্রনাথ সরকারের ছেলে সৌরভ সরকার ওরফে রোমিও (২৮) এবং রুদ্রপুর স্কুলপাড়া এলাকার মৃত আনছার আলীর ছেলে মোঃ জালাল উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে কোট জিআর-১০৭/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সৌরভ সরকার ওরফে রোমিও এবং কোট সিআর-৪৩৫/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ জালাল উদ্দিনকে গ্রেফতার করে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





