
রংপুরে গ্যারেজে পার্কিং করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে নগরীর মা ও শিশু হাসপাতালের সামনে সাজু মিয়ার গ্যারেজে শাপলা পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ নিয়ে দুই দিনে রংপুরে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলো।
দুপুরে মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী গ্যারেজের নৈশ্য প্রহরী সিরাজুল ইসলাম জানান, রাত ৩টা ৫ মিনিটের দিকে মাস্ক পড়া তিনজন ছেলে গ্যারেজের পাশ দিয়ে হেঁটে গিয়েছিল। এরপর কিছুক্ষণ পরই গাড়ির সামনের অংশ আগুন জ্বলে উঠে। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এর মধ্যে পুরো বাসটি পুড়ে যায়।
বাস মালিক মিঠু মিয়া বলেন, বাসটি রংপুর-জলঢাকা রুটে চলাচল করতো। আমি নীলফামারী বাস-মিনিবাস ও কোচ সমিতির সদস্য এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন আমার বাসে আগুন দিয়েছে। আমার ধারণা গান পাউডার ছিটিয়ে বাসে আগুন দেওয়া হয়েছে। একমাত্র রুটি-রুজির পথ বন্ধ হয়ে যাওয়ায় আমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।





