পরকীয়ার সম্পর্কের জেরে মা-ছেলেকে হত্যা, মামলার ৩ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে পরকীয়ার সম্পর্কের জেরে মা ও তার শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার মাত্র তিন ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত ২ নম্বর আসামি আনন্দ বাবু বাদলকে (২৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ২টা ১০ মিনিটে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী গ্রামের আনসার আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বাদল সুন্দরগঞ্জ উপজেলার দুলাল গ্রামের মোখলেসুর রহমান বালাজুলের ছেলে।
এসআরবি-১৩ জানায়, গত ১৭ নভেম্বর বিকেলে সুন্দরগঞ্জে আইনুর নাহার আঁখি ও তার শিশুপুত্র আদিলকে শ্বাসরোধে হত্যা করা হয়। সন্ধ্যায় আঁখির বড় মেয়ে বাড়িতে ফিরে মা ও ভাইয়ের মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হয়।
এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, নিহত আঁখি তার সতীনের সঙ্গে আনন্দ বাবু বাদলের পরকীয়ার বিষয়টি দেখে ফেলেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করেই মা ও শিশুসন্তানকে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় নিহত আঁখির বাবা আতোয়ার রহমান ১৯ নভেম্বর রাত ১২টা ১০ মিনিটে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার গুরুত্ব বিবেচনায় এসআরবি-১৩-এর গাইবান্ধা ও নীলফামারী ক্যাম্পের যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পঞ্চগড়ে অভিযান চালিয়ে বাদলকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার গাইবান্ধায় এসআরবি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিপ্লব কুমার গোস্বামী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন