মাগুরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, জাসাসের মানববন্ধন অনুষ্ঠিত

দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। একই সময়ে নড়াইলের কালিয়ায় জাসাস নেতাসহ দুই নেতাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা জাসাস।
রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে ঢাকা রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের সহধর্মিণীও উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. কুতুবউদ্দিন কুতুব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অন্যদিকে, একই সময়ে সোহরাওয়ার্দী কলেজের সামনে মানববন্ধন করে মাগুরা জেলা জাসাস। নড়াইলের কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং কৃষক দলের এক নেতাকে হত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট কাজী সিরাজউদ্দীন মিহির ও সদস্য সচিব এম রেজা ফেরদৌস রেজার নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন