বরগুনায় সাড়ে তিন কিলোমিটার মডেল খাল খনন, পরিদর্শনে জেলা প্রশাসক

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ হাজারী খাল খনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সোমবার (২৩ নভেম্বর) সকালে তিনি খালটির খনন কার্যক্রম পরিদর্শন করেন। ৭ মিটার প্রস্থের এ মডেল খালটি খননের মাধ্যমে স্থানীয় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষিকাজে সেচ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. নাসির উদ্দীন, বরগুনার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল হক মাস্টারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। খাল খননের ফলে বর্ষা মৌসুমে জমে থাকা অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন হবে। একই সঙ্গে শুকনো মৌসুমে খালে পানি সংরক্ষণ করে কৃষিজমিতে সেচ দেওয়া সম্ভব হবে। এতে কৃষকদের সেচ খরচ কমবে, অনাবাদি জমি চাষের আওতায় আসবে এবং ফসলের উৎপাদন বৃদ্ধির সুযোগ তৈরি হবে। পাশাপাশি অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ফসলের ক্ষয়ক্ষতি কমবে। খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে এলে স্থানীয় জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সময় জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, খাল খনন সরকারের একটি সময়োপযোগী ও জনকল্যাণমুখী উদ্যোগ। এর মাধ্যমে একদিকে যেমন কৃষকের সেচ সুবিধা বাড়বে, অন্যদিকে জলাবদ্ধতা নিরসন ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় কৃষকসহ সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।

তিনি আরও বলেন, খাল খননের পাশাপাশি খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং ভবিষ্যতে যাতে পুনরায় ভরাট বা দখল না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। খনন করা খালের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জিসাস বরিশাল জেলা সভাপতির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব গ্রহণ, আবুল কালাম শাহীনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

জিসাস বরিশাল জেলা সভাপতি মোঃ শহিদুল ইসলাম মিন্টু বরিশাল বিভাগীয়