বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ক্লাসে পেলেন মাত্র একজন শিক্ষার্থী

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে ক্লাসে মাত্র একজন শিক্ষার্থীকে উপস্থিত পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে শিক্ষকদের দেওয়া জবাবে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কলেজটি পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। সেখানে একটি ক্লাশে মাত্র একজন শিক্ষার্থীকে দেখে তিনি এক নারী শিক্ষকের কাছে জানতে চান, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ জবাবে ওই শিক্ষক বলেন, ‘ক্লাশে একজন ছাত্রী আছে।’ শিক্ষার্থী কম থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘মেয়েরা পড়ে এখানে, মোট ১৫ জন স্টুডেন্ট।’

এ সময় মন্ত্রী জানতে চান, ‘মেয়েরা আসে না?’ জবাবে শিক্ষক বলেন, ‘না, আসে না। আজকে মাত্র একজন আসছে।’ একজন ছাত্রীকে নিয়ে ক্লাস করার বিষয়ে আরেক শিক্ষক বলেন, ‘ওদের ক্লাশে অনেকেই এখনো ঢোকেনি। আমি নিয়মমতো এই সময়ে ঢুকছি।’

পরে শিক্ষামন্ত্রী জানতে চান, ‘কয়টার সময় ক্লাস হয়? এখন তো কোনো ক্লাশেই কাউকে দেখছি না!’ জবাবে ওই শিক্ষক বলেন, ‘সাড়ে ১১টায় ক্লাস আছে। স্যারেরা ঢুকছেন, শিক্ষার্থীরা হয়তো বাইরে বাইরে থাকে।’

শিক্ষকদের একজন জানান, শিক্ষার্থীদের ক্লাশে আসার প্রতি অনীহা রয়েছে। তাদের ক্লাশে আনতে ফোন করতে হয়। শিক্ষকদের এসব ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি মন্ত্রী।

এ সময় শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরিদর্শন শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম বজায় রাখা এবং পাঠদানে শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রাঙ্গাবালীর ছয় ইউনিয়নের ইউপি নির্বাচন ৪ ফেব্রুয়ারী : নিরপেক্ষ ভোটের মাধ্যমেই এবার ইউপি নির্বাচন হবে: এমপি এবিএম মোশাররফ

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিরপেক্ষ ভোটের মাধ্যমেই অনুষ্ঠিত হবে