রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সংলগ্ন আলাউদ্দিন হোস্টেলের সামনে, পুরান ঢাকার ডিসি রায় রোড এলাকায় অবস্থিত প্রায় ২০০ বছর পুরনো একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন এখন মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়ভাবে ‘ভাঙা বাড়ি’ নামে পরিচিত এই ভবনটিতে দিন-রাত ২৪ ঘণ্টাই নেশার আসর বসে। ভবনের ছাদ, বারান্দা ও কক্ষজুড়ে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন চলে প্রকাশ্যে। এতে করে আশপাশের পরিবেশ দিন দিন অনিরাপদ হয়ে উঠছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ভবনটিতে অবৈধভাবে ভাড়াটিয়া রাখা হয়েছে এবং নিয়মবহির্ভূতভাবে ভাড়া আদায় করা হচ্ছে। ভবনটির প্রকৃত মালিকানা নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকলেও এলাকাবাসীর দাবি—এটি “আমিন মোহাম্মদ গ্রুপ”-এর অধীনে রয়েছে এবং তাদের নিয়ন্ত্রণেই ভবনটি পরিচালিত হচ্ছে।
আরও অভিযোগ রয়েছে, ভবনটির দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিরা নেশাখোরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। বরং তাদের নীরব ভূমিকা ঘিরে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে—তারা নিজেরাও এই মাদক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করছেন অনেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, “এই বাড়িতে সারাক্ষণই নেশা চলে। নতুন নতুন লোক আসে, অনেক সময় ঝামেলাও হয়। আমরা পরিবার নিয়ে আতঙ্কে থাকি।”
বিশেষজ্ঞরা বলছেন, এত পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবন যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে। একইসঙ্গে সেখানে চলমান মাদক কার্যক্রম আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।




