মঠবাড়িয়ার দক্ষিণবন্দর এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন জব্দ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ সেনাবাহিনীর সহযোগিতায় “আমিরুল অয়েল সাপ্লায়ার্স” এর মালিক মোঃ শামীম খানের দোকান ও বাসায় অভিযান পরিচালনা করেন।
অভিযোগ রয়েছে, শামীম খান দীর্ঘদিন ধরে তার দোকান বন্ধ রেখে রাতের আঁধারে চড়া মূল্যে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি করে আসছিলেন। বিষয়টি নিশ্চিত হয়ে প্রশাসন তার বাসায় অভিযান চালায়।
অভিযানে জব্দকৃত জ্বালানির পরিমাণ নিম্নরূপ:
পেট্রোল: ২০০ লিটার
অকটেন: ১০ লিটার
ডিজেল: ১৭২০ লিটার
কেরোসিন: ২০০ লিটার
জব্দকৃত এসব জ্বালানি সরকারি নির্ধারিত বাজারমূল্যে মঠবাড়িয়া হাওলাদার ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রি করা হয় এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে “আমিরুল অয়েল সাপ্লায়ার্স” এর মালিক মোঃ শামীম খানকে ১৪ দিনের কারাদণ্ড প্রদান করা হয় এবং তাকে মঠবাড়িয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




