পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে আজ ১৯ মার্চ (বৃহস্পতিবার) দেশের শিল্পাঞ্চলগুলোতে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকছে।
বাংলাদেশ ব্যাংকের গত ১০ মার্চের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত কিছু এলাকায় ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো স্বল্পসংখ্যক জনবল দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। মূলত ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তৈরি পোশাকশিল্প-ঘন এলাকাগুলোতে অবস্থিত ব্যাংক শাখাগুলো এই বিশেষ সেবার আওতায় রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, বৃহস্পতিবার ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে সাধারণ গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য স্বল্প বিরতি রাখা হয়েছে। গতকাল ১৮ মার্চ থেকে ঈদের সরকারি ছুটি শুরু হলেও পোশাক খাতের জরুরি প্রয়োজনে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা বিধি মোতাবেক নির্ধারিত বিশেষ ভাতা প্রাপ্য হবেন। মূলত পোশাক শিল্পের আর্থিক লেনদেন সচল রেখে ঈদ আনন্দ নির্বিঘ্ন করতেই সরকারের নির্বাহী আদেশে এই বিশেষ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।




