গণতন্ত্র, নাগরিক অধিকার এবং বৈষম্যবিরোধী আন্দোলনে এদেশের ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার প্রত্যয়ে ‘৩৬ জুলাই’ গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নাসিরনগর উপজেলার শহীদ ইমরান চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম. এ. হান্নান।
এ সময় নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শহীদ ইমরান চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমপি এম এ হান্নান বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই হবে তাদের প্রতি প্রকৃত সম্মান।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা শহীদদের স্মৃতি অম্লান রাখতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।



