জেলা শহরে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে (TikTok) পরিচয়ের সূত্র ধরে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে (১৫) আবাসিক হোটেলে নিয়ে নির্যাতনের অভিযোগে আকাশ চন্দ্র দাস (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আকাশ চন্দ্র দাস সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের
গৌরারং গ্রামের বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শহরের একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আকাশের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, এই সুযোগে আকাশ ওই শিক্ষার্থীকে ফুসলিয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার দুটি আবাসিক হোটেলে কয়েক দফায় নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করেন।
বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জাতীয় হেল্পলাইন ১০৯-এ যোগাযোগ করেন। পরবর্তীতে সমাজসেবা অধিদপ্তরের পরামর্শে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। ভুক্তভোগী শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত আকাশ আত্মগোপনে চলে গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ইতোমধ্যে আলামত জব্দ করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে পারিবারিক নজরদারি বাড়ানো জরুরি। একই সঙ্গে শহরের আবাসিক হোটেলগুলোতে অসামাজিক ও অপরাধমূলক কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর তদারকির দাবি জানিয়েছেন তারা।




