পটুয়াখালীর দুমকি উপজেলায় হাম আক্রান্তের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। গত কয়েকদিনে একই পরিবারের ৩ শিশুসহ মোট ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রয়েছে-কালিকাপুর (শ্রীরামপুর) এলাকার ৮ মাস বয়সী তানিসা, যিনি তিন দিন ধরে ভর্তি রয়েছেন। এছাড়া ঝাঁটারা এলাকার একই পরিবারের ১০ মাস বয়সী আছিয়া, ৮ বছর বয়সী সিনথিয়া এবং ৩০ বছর বয়সী কলি বেগম গত ২০ দিন ধরে চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছে, যা সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি নির্দেশ করছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. মীর শহীদুল ইসলাম শাহীন বলেন, হাম আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি জানান, রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, কারও শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল বা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
স্বাস্থ্য কর্মকর্তারা অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং জ্বর, ফুসকুড়ি বা হাম-সদৃশ উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।




