হোল্ডিং নং ২২৬ এর জরাজীর্ণ ভবনে বসবাস করছেন পুলিশ সদস্যরাও। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের
রাজধানীর নবাবপুর রোডের হোল্ডিং নম্বর ২২৬ এর “বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার” ভবনটি এখন ধসের ঝুঁকিতে। জরাজীর্ণ এই ভবনের ওপরের তলায় পুলিশ সদস্যরা বসবাস করছেন আর নিচতলার ৭টি দোকানে চলছে ব্যবসা। ভবনের দেয়ালে ফাটল ও পলেস্তারা খসে পড়ায় যেকোনো সময় হতাহতের আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, প্রায় শতবর্ষী ভবনটির দেয়ালের প্লাস্টার খসে ইট বেরিয়ে গেছে। দোতলার কাঠের জানালা ভেঙে গেছে। বিদ্যুতের তার জটলা পাকিয়ে আছে ভবনের গা ঘেঁষে।
ভবনের নিচতলায় ৭টি দোকান রয়েছে। দোকানদাররা জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ জেনেও জীবিকার তাগিদে এখানে ব্যবসা করতে হচ্ছে।
স্থানীয়রা বলছেন, ব্যস্ত নবাবপুর রোডে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। ভবনটি ধসে পড়লে পুলিশ সদস্য ছাড়াও পথচারী ও ক্রেতারা হতাহত হতে পারেন।
জননিরাপত্তার স্বার্থে দ্রুত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।




