ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ আধুনিক উৎপাদন কলাকৌশল ব্যবহারের মাধ্যমে হাইব্রিড ধানের ফলন বাড়াতে বাগেরহাটের ফকিরহাটে দিনব্যাপী এক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬) মে সকাল ১১ টায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে স্থানীয় পর্যায়ে এই প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করা হয়। কর্মশালায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত মানের বীজের ব্যবহার, সুষম সার প্রয়োগ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে রোগবালাই দমনের বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন। এছাড়াও বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের (আরএসএম) কৃষিবিদ মোস্কাফিজুর রহমান এবং টিএসও সুজিত মন্ডল।
বিশেষজ্ঞরা তাদের বক্তব্যে জানান, সনাতন পদ্ধতির পরিবর্তে সঠিক ও আধুনিক পদ্ধতি অনুসরণ করলে অনেক কম খরচে অধিক ফলন পাওয়া সম্ভব, যা প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে লাভবান করবে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যান্ড প্রোমোটার শেখ সুমন আলী।
অংশগ্রহণকারী কৃষকরা এই প্রশিক্ষণকে অত্যন্ত সময়োপযোগী ও উপকারী উল্লেখ করে মাঠ পর্যায়ে অর্জিত জ্ঞান প্রয়োগের আগ্রহ প্রকাশ করেন। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তাদের এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




