রাঙ্গামাটির বাঘাইছড়িতে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি বালুর স্তূপ ও বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি সেলু মেশিন জব্দ করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার ৩৩ নম্বর মারিশ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন মারিশ্যা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানকালে অবৈধভাবে উত্তোলন ও মজুত করা বালুর পাঁচটি স্তূপ এবং বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি সেলু মেশিন জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল ৩৭৮ নম্বর মারিশ্যা মৌজার হেডম্যান এন্ড্রু খিসার জিম্মায় দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের জেলা পরিদর্শক মমিনুল ইসলাম জানান, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরাতন মারিশ্যা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। বেআইনিভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




